October 13, 2026, 10:12 pm
নিজস্ব প্রতিবেদক: বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা আলাল শেখ (৪৬) নির্বাচনী সহিংসতার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও স্থানীয় যুবলীগ নেতা আলোচিত মতিন সরকারের শ্যালক বলে জানা গেছে। জানা যায়, গত ২৮ মার্চ সকালে ভোট দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে তুলে নিয়ে যায়। পরে লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় নিহতের পিতা সিদ্দিকুর রহমান মেরু শেখ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।