October 13, 2026, 10:09 pm

বগুড়ার কলোনীতে বিহারি আরিফ খুন, নেপথ্যে ১০ লাখ টাকার বিরোধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতা ও অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ ওই এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে আরিফের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রাত প্রায় ১টার দিকে স্থানীয় বাসিন্দারা প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের কাছে প্রতিপক্ষের প্রায় ১০ লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে আরিফকে কুপিয়ে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এটি অর্থ লেনদেনের বিরোধ, পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণ—সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335