October 13, 2026, 11:05 pm
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাব সভাপতি রোটাঃ রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু এবং শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমুখ।
ষড়যন্ত্র উপেক্ষা করে বগুড়ার উন্নয়ন হবেই: এমপি বাদশা
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “আমরা যখন বগুড়ার সার্বিক উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছি, ঠিক তখনই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য কিছু বিষয়কে ভিন্নভাবে ও জোরালোভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন বগুড়ার উন্নয়ন থমকে যায়। কিন্তু গত ১৭ বছর যে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, সে কথা তারা ভুলে যায়। বিগত সময়ে এককভাবে শুধু বগুড়া জেলাকে বঞ্চিত করা হয়েছে।”
বগুড়াবাসীর জন্য নতুন আশার বাণী শুনিয়ে তিনি বলেন, “শহরের যানজট নিরসনে এবার করতোয়া নদীর পাশ দিয়ে একটি নতুন বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। বগুড়ার শিশু ও তরুণদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য একটি অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও অনেক দূর এগিয়ে গেছে।”
এমপি বাদশা আরও বলেন, “বিগত সময়ে উন্নয়নবঞ্চিত বগুড়ার ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছেন। বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, কার্গো সার্ভিসসহ আন্তর্জাতিক বিমানবন্দর এবং অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গড়ে তোলা হবে।”
ক্রীড়া সাংবাদিকতায় নতুন দিগন্ত
উল্লেখ্য, ২০২৩ সালে আহ্বায়ক কমিটি এবং ২০২৪ সালে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। দিবসটি উদযাপনের পাশাপাশি স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সংগঠনটি। এর আগে দিবসটি উপলক্ষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।