October 13, 2026, 11:03 pm

ইরানের সাথে আলোচনা করছি না, কিছু দিচ্ছিও না: ট্রাম্প

যমুনা নিউজ বিডি আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান কোনো সংলাপের খবর অস্বীকার করেছেন। জোর দিয়ে বলেছেন, তার প্রশাসন তেহরানের সাথে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না বা কোনো ধরণের সহায়তা দিচ্ছে না।

সোমবার (৩০ জুন) সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি ইরানের সাথে কথা বলছি না। আমরা তাদের কিছু দিচ্ছি না।’ ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েকদিন আগে সংবাদমাধ্যমে প্রতিবেদন করা হয়েছিল যে, তার প্রশাসন বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য ইরানকে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা করার কথা ভাবছে।

শুক্রবার, ট্রাম্প এই প্রতিবেদনগুলোকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে, ওয়াইনেটের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস কুনসের সমালোচনার জবাব দিতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

পোস্টে তিনি বলেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলুন যে, আমি ইরানকে কিছু দিচ্ছি না। ওবামার বিপরীতে, যিনি পারমাণবিক অস্ত্র জেসিপিওএ (যা এখন মেয়াদোত্তীর্ণ হবে!) অর্জনের বোকা পথে তাদের বিলিয়ন ডলার দিয়েছিলেন। আমি তাদের সাথে কথাও বলছি না কারণ আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।’

এর আগে ইরান-ইসরাইল সংঘাত চলার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335