October 13, 2026, 11:03 pm
নিজস্ব প্রতিবেদক, বগুড়া |
বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত একটি দ্রুতগামী যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকায় পর্যটন মোটেলের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আরশেদ আলী মন্ডলের ছেলে মো. আনিসুর রহমান (৩৫) এবং তাঁর চার বছর বয়সী কন্যা আয়েশা খাতুন। আনিসুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ক্রেডিট অফিসার (সিও) হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী মোছাঃ পুষ্পা আক্তার (২৮)। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহার ছুটিতে সপরিবারে মোটরসাইকেলযোগে রংপুর থেকে নিজ বাড়ি পাবনায় ফিরছিলেন আনিসুর রহমান। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত যানবাহন—যেটিকে প্রাথমিকভাবে ট্রাক বলে ধারণা করা হচ্ছে—তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই আনিসুর রহমান ও তাঁর শিশুকন্যা আয়েশা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি এবং শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।