October 13, 2026, 10:08 pm
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচনে বাদল-হিরু প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সভাপতি-সহ প্রতিটি পদেই তারা বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেছেন।
ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে গোলাপফুল প্রতীকের প্রার্থী এম এস এম আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা পেয়েছেন ২২৭ ভোট।
সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুল হক চৌধুরী হিরু (৭২৬ ভোট) এবং মামদুদুর রহমান শিপন (৫৯১ ভোট)। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এরশাদুল বারী এরশাদ পেয়েছেন ২৫৩ ভোট এবং মামুনুর রশীদ মামুন পেয়েছেন ১৯৬ ভোট।
পরিচালক পদে বিজয়ীরা হলেন খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), পরিমল চন্দ্র দাস (৫৯৬), আজিজার রহমান মিল্টন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর-ই-আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), রাসেদুল ইসলাম (৫৫৩), শফিকুল ইসলাম কোকন (৫৩২), শামসুল হক বেনু (৫২২) এবং মতিউর রহমান (৪৬৬)।
এর আগে উৎসবমুখর পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এ নির্বাচনে ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি-সহ মোট ১২টি পদে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে সরকার-সমর্থিত বাদল-হিরু প্যানেল এবং জামায়াত-সমর্থিত সেলিম-এরশাদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের আগে সরকার-সমর্থিত প্যানেলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আচরণবিধি একাধিকবার লঙ্ঘনের অভিযোগে সরকার-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় নির্বাচন পরিচালনা কমিটি।