October 13, 2026, 10:08 pm
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে এগিয়ে নিতে বন্ধু বাতায়ন অ্যাসোসিয়েশন (পুলিশ লাইন হাইস্কুল, বগুড়া এসএসসি-৯৬ ব্যাচ)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহরের উপকণ্ঠে বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, অতিথি, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী দুই মেধাবী শিক্ষার্থী—সাদমান ইব্রাহীম (পিতা: আবু তোরাব মো. শামছুর রহমান) এবং মোছা. মেহেনাজ খানম (পিতা: মো. মুরাদুজ্জামান খান)-কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের অসাধারণ শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, শিক্ষামূলক বই এবং প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
একই অনুষ্ঠানে বন্ধু বাতায়ন অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম সম্প্রতি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বক্তারা তার এই অর্জনকে সংগঠনের জন্য গর্বের বিষয় উল্লেখ করে কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমান এবং সঞ্চালনা করেন বন্ধু বাতায়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান খান।
সভাপতির বক্তব্যে আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, বন্ধু বাতায়ন অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি ব্যাচভিত্তিক সংগঠন নয়; এটি একটি মানবিক ও সামাজিক প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে সংগঠনটি শিক্ষা, সামাজিক কল্যাণ, মানবসেবা এবং বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তিনি বলেন, সমাজে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা সামান্য উৎসাহ ও সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারে। তাই মেধাবীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রায়হান পাইকাড়, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শাখি, অর্থ সম্পাদক এবিএম কিবরিয়া কনক, কারিগরি সম্পাদক সৈয়দ রাফিউল ইসলাম রাফি, সহ-দপ্তর সম্পাদক শফিউল কাজী সেন্টু, সহ-সমাজকল্যাণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং সদস্য কামরুজ্জামান সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের অভিভাবকরাও বন্ধু বাতায়ন অ্যাসোসিয়েশনের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হয়। তারা সংগঠনের ধারাবাহিক সাফল্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের উত্তরোত্তর প্রসার কামনা করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের উষ্ণ আবহ। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। শেষে সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।