October 13, 2026, 10:09 pm

আলিমে ভর্তি নিয়ে প্রতারণা, সতর্ক করলো মাদ্রাসা শিক্ষা বোর্ড

আলিমে ভর্তি নিয়ে প্রতারণা, সতর্ক করলো মাদ্রাসা শিক্ষা বোর্ড
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতারক চক্র দাখিল পাসের তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীর অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে বলে জানিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে। এই সুযোগে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সুকৌশলে শিক্ষার্থীর দাখিল পাসের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়া অনলাইনে ভর্তির আবেদন করে থাকে।

এই ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকার জন্য সতর্ক করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনও শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের প্যানেল-সার্ভার বন্ধসহ পাঠদান স্থগিত করা হবে।

বোর্ডের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অনলাইন ভর্তি কার্যক্রমে সতর্কতা অবলম্বন এবং নিজেদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335