October 13, 2026, 11:03 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সাময়িক বহিষ্কৃত নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১২ মে) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা-পর্যালোচনা এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার পুনরায় স্বপদে দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নবীর শেখ বলেন, আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের কমান্ড মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবো।