October 13, 2026, 10:08 pm

অ্যাম্বুলেন্সে বগুড়া আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

 

গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বগুড়ায় আনা হয়

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা ১৫মিনিটের দিকে অ্যাম্বুলেন্সে করে তানভীরকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালতে হাজিরার আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আবার ঢাকার ওই হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, তানভীর গুরুতর অসুস্থ। তাঁর কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন।

আদালত প্রাঙ্গণে ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, একটি প্রকাশ্য ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। রিমান্ডে নেওয়া এবং কারাগারে থাকার সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, এর পর থেকেই তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি শয্যাশায়ী।

আইনজীবী বলেন, গুরুতর অসুস্থ আসামির ক্ষেত্রে সাধারণত আদালতে সময় চাওয়া যায়। কিন্তু আদালতের ধার্য তারিখে উপস্থিতি নিশ্চিত করতে ঝুঁকি নিয়ে তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তাঁর চিকিৎসাও চলবে।

মামলার নথি ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তাঁকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তানভীরকে এক বছরের জামিন দেন। আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে দেওয়া ওই পোস্টের অভিযোগে করা মামলায় পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে আজ তাঁকে বগুড়ার আদালতে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © dainikalopratidin.com
Designed, Developed & Hosted BY ALL IT BD 01722461335