October 13, 2026, 11:04 pm
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অ্যাপসের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার এক নারী এজেন্টকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। আটক নারীর ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ব্যালেন্স এবং হাজার হাজার অবৈধ আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
গত শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে শাজাহানপুর থানাধীন মাদলা (কালিতলা) এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত নারীর নাম মোছাঃ খাদিজা খাতুন (২৯)। তিনি ওই এলাকার বাসিন্দা। অভিযানকালে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি অত্যাধুনিক ল্যাপটপ, দুটি দামি স্মার্টফোন এবং দুটি সক্রিয় সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা খাতুন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে “Enjoy247”, “VELKI Live” ও “PLAY25” নামক কুখ্যাত অনলাইন জুয়ার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন ও রেফারেন্স লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই সর্বনাশা জুয়ার জালে সম্পৃক্ত করতেন তিনি।
র্যাব আরও জানায়, আটক খাদিজার ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: বিটকয়েন, ইউএসডিটি) অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক ও বিপুল পরিমাণ ব্যালেন্সের সন্ধান পাওয়া গেছে। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে হাজার হাজার আন্তর্জাতিক ট্রানজেকশন বা লেনদেন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার জানান, আটককৃত নারী এজেন্টের বিরুদ্ধে জুয়া আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সাইবার অপরাধ দমনে র্যাবের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।